Featured post

DEBRAJ SAHA TITLE SONG

A special song has been dedicated to Debraj Saha on the occasion of his 24th birth anniversary by MusicFul Hub. The entire vide...

তোমাকে আমি খুঁজি প্রতিটি ক্যাফেটেরিয়াতে

 

তোমাকে আমি খুঁজি প্রতিটি ক্যাফেটেরিয়াতে


তুমি চলে যাওয়ার পর শহরটা বদলায়নি, কিন্তু প্রতিটি কোণা যেন একটু করে ফাঁকা হয়ে গেছে। তুমি ছিলে বলেই হয়তো জানালার পাশে বসা মানে ছিল একরকম ঘরবন্দি ভালোবাসা। এখন সেই জানালার পাশের চেয়ারটা শুধু হাওয়ায় দোলে, কিন্তু আমি আর তাকাই না। তোমাকে আমি খুঁজি সেই চেনা চশমার ফ্রেমের পিছনে লুকিয়ে থাকা দুটো না বলা কথায়, যা একদিন আমাকে নিরবে বলে দিয়েছিল

—‌ থেকে যেও...

 তবু আমি বুঝিনি, হয়তো বোঝার অভিনয় করেছিলাম। 

তোমাকে আমি খুঁজি প্রতিটি ক্যাফেটেরিয়াতে।
কারণ আমি জানি, একদিন যদি তুমি ফিরে আসো—এখানেই আসবে। এক কাপ কফি নেবে, জানালার ধারে বসবে, আর মুচকি হেসে বলবে,

— তুমি এখনও বসে আছো?

আর আমি বলব,

— এই চেয়ারটা তো কখনও খালি হয়নি। 

তুমি তো শুধু চলে যাওনি। তুমি রেখে গেছো হাজারটা অভ্যেস, যেগুলো আমি আজও ত্যাগ করতে পারিনি। তোমার চলে যাওয়ার দিনে বাজছিল যে গানটা, সেটি প্রতিবার ক্যাফের স্পিকারে শুনলেই আমি নিঃশব্দে কাঁদি। হ্যাঁ, তোমাকে আমি আজও খুঁজি প্রতিটি ক্যাফেটেরিয়াতে। এ শুধু একদিনের অভ্যাস নয়, এ আমার সমস্ত জীবনের প্রেম। এক অসমাপ্ত ভালোবাসা। এক কাপ; একতরফা কফি।

একদিন এই ক্যাফেতেই বসে ছিলাম। অফিসপাড়া খালি হয়ে আসছিল। ঠিক তখন এক মেয়ে দরজা ঠেলে ঢুকল—চুলটা বাঁধা, চোখে হালকা কাজল। মনে হলো মেয়েটি তুমি। হৃদয়টা একটু হলেও থমকে গেছিল। কিন্তু সে যখন পাশের টেবিলে গিয়ে বসল, আমি বুঝলাম, ভুল করলাম—আবার।  আজকাল আর এই ক্যাফেতে যাওয়া হয় না, আসলে যেতে ইচ্ছে হয় না।

আমি জানি, তুমি আর কখনোই এখানে আসবে না। 

তবু, তবু— 
'তোমাকে আমি খুঁজি প্রতিটি ক্যাফেটেরিয়াতে।'

No comments:

Post a Comment